২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিরা থেকে অব্যাহতি পেলেন ভারপ্রাপ্ত সড়ক সচিব

বি ও সি ব্লক সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে আদালত অবমাননার অভিযোগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বি ও সি ব্লক সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে আদালত অবমাননার অভিযোগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন সিদ্দিকী। একইসঙ্গে এমআইএস ব্লক ও এ ব্লক ছেড়ে দিতে সময় পেয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বি ও সি ব্লক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পরিগণিত হবে বলে আদেশে বলা হয়। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চের আদেশে যথাসম্ভব দ্রুত এ সব স্থাপনা ছেড়ে দিতে বলা হয়। তবে সি ব্লকের চতুর্থ তলায় সড়ক ও জনপথ বিভাগ কাজ চালিয়ে যেতে পারবে। গত বৃহস্পতিবার হাই কোর্টের একই বেঞ্চ এক সপ্তাহের মধ্যে সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিয়ে আদালতকে অগ্রগতি জানাতে বলে। ওই আদেশের প্রেক্ষিতে এমএএন সিদ্দিকী আদালতে এসে বলেন, সারা দেশে বিভিন্ন সড়কে শুষ্ক মৌসুমের কাজ চলছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম চারলেনের সড়কসহ বড় বড় অনেক প্রকল্পের কাজ চলছে। পুরো সড়ক ভবন ছেড়ে দিতে হলে এ সব কাজে প্রভাব পড়বে। এমএএন সিদ্দিকী ছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমানুর রহমান লস্কর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. ফরিদুল আলম আদালতে হাজির হন। সড়ক ও জনপথ বিভাগের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ, সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানিতে অংশ নেন। গত বছরের ১০ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে উভয় প্রতিষ্ঠান আপিলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ২৮ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ দুটো আবেদনই খারিজ করে। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ২৪ অক্টোবর সড়ক ও জনপথ অধিদপ্তর এবং শিশু একডেমীকে নোটিস দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি বুঝিয়ে দিতে বলেন। এরপর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ফরিদুল আলম ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নিবন্ধককে দেওয়া এক চিঠিতে জানান, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে চান। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে সড়ক ভবনের পুরো জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আংশিক জমি দেওয়ার এই উদ্যোগকে আদালত অবমাননা বলে অভিহিত করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম। পরে গত ১৩ ফেব্রুয়ারি রিটকারী অ্যাডভোকেট আসাদুজ্জামান আদালত অবমাননার এক আবেদন দাখিল করেন। ওই আবেদনের শুনানি করে আদালত যোগাযোগ সচিবসহ চার জনকে তলব করে। একইসঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করায় কেন বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। আদালতের এই আদেশে ১৬ ফেব্রুয়ারি সকালে যোগাযোগ সচিবসহ চার কর্মকর্তা আদালতে হাজির হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩১০ ঘ.