২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা-চিদাম্বরম বৈঠকে গুরুত্ব সীমান্ত ব্যবস্থাপনায়

স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাই মূল আলোচনায় থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাই মূল আলোচনায় থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুক্রবার নয়া দিল্লিতে প্রতিবেশি এই দুই দেশের স্বরাষ্টমন্ত্রী বৈঠকে বসবেন। সীমান্তে (বিশেষত রাতে) বাংলাদেশি নাগরিকদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপে ঢাকার প্রতি নয়া দিল্লির পক্ষ থেকে বৈঠকে আহ্বান জানানো হবে বলে কর্মকর্তারা জানান। সীমান্তে বিএসএফ সদস্যরা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার নীতি গ্রহণের পর সা¤প্রতিক মাসগুলোতে দুই দেশের সীমান্তে অপরাধ এবং বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে- বৈঠকে নয়া দিল্লির পক্ষ থেকে এ বিষয়টি তুলে ধরা হবে বরে জানান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ভারত সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাসে বিএসএফ সদস্যদের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। চোরাকারবারীদের হামলায় বিএসএফের এক হেড কনস্টেবল নিহত হয়েছে।” “আমরা ওই সব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে বেশি গুরুত্ব দেব যেগুলোর কারণে সীমান্তে মাঝে মাঝেই উভয়পক্ষের প্রাণহানী ঘটে। এ সব ঠেকাতে যৌথ প্রচেষ্টা ও কার্যপ্রণালী নির্ধারণ করতে হবে।” গত বছর জুলাইয়ে চিদাম্বরমের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সই হওয়ার পর এটাই দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক। সীমান্তে এক বাংলাদেশিকে বিএসএফ সদস্যদের নির্যাতনের একটি ভিডিওচিত্র গত মাসে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ ঘটনায় বিএসএফ’র আট জওয়ানকে বরখাস্ত করার পাশাপাশি এ ঘটনা তদন্তের নির্দেশ দেয় ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষ থেকে ওই বিষয়টি আবারো তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নয়া দিল্লি বলেছে, আধাসামরিক সীমান্তরক্ষা বাহিনীকে যতটা সম্ভব সহনশীল আচরণ করার নির্দেশ দেওয়ার পর থেকে সা¤প্রতিক মাসগুলোতে বিএসএফ সদস্যদের গুলিবর্ষণের ঘটনা এবং নিষ্ঠুরতা অনেক কমে গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেন, সীমান্তে প্রাণহানী রোধে বিএসএফকে নির্দেশ দেওয়ায় এই বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে। সা¤প্রতিক মাসগলোতে শুধু ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে আত্মরক্ষার জন্য গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কিছু কার্যক্রমের পাশাপাশি বিএসএফ সদস্যদের প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা। সাহারা খাতুনের সঙ্গে বৈঠকে দুই দেশের সীমান্তে অবৈধ কর্মকাণ্ড ও অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় দ্বিপক্ষীয় দায়িত্বের ওপর জোর দেবেন চিদাম্বরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০০০ ঘ.