ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের জীবনযাত্রায় শিশুদের দুরবস্থার ওপর জোর দেওয়া হয়েছে এ বছরের জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বার্ষিক প্রতিবেদনে, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হচ্ছে।
শহুরে জীবনে শিশুরা যেসব প্রতিকূলতার মুখোমুখি হয় তার বিস্তারিত বর্ণনা থাকবে ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ২০১২’ শীর্ষক এ প্রতিবেদনে।
বাংলাদেশে ইউনিসেফের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিবেদনে উল্লেখ করা কিছু বিষয় সম্পর্কে জানান। একে বলা হয়েছে বিশ্বের সাতশ’ কোটি মানুষের অর্ধেকেরও বেশি বর্তমানে শহরাঞ্চলে বাস করে।
তবে শহরের সুবিধাগুলো ভোগ করতে পারে তাদের মধ্যে খুবই কম লোকই।
তিনি বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে, হরের অনেক শিশুই স্কুল, হাসপাতাল ও খেলার মাঠের সুবিধাগুলো ভোগ করে। কিন্তু এই শহরেই লাখ লাখ শিশু আছে যাদের কাছে এসব সুবিধা পৌঁছায় না।”
২০০৯ সালের ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে’ -এর ওপর ভিত্তি করে এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মৌলিক সামাজিক সেবাগুলো পাওয়ার জন্য নয়, বরং জীবিকার সন্ধানে গ্রাম থেকে শহরে লাখ লাখ মানুষ আসে।
গবেষণায় দেখা যায়, শহরের বস্তি এলাকাগুলোতে নাগরিক সুযোগ-সুবিধার বলতে গেলে পাওয়াই যায় না। যদিও বা কিছু পৌঁছায় তা থাকে বিবেকবর্জিত মধ্যস্বত্ত্বভোগীদের দখলে, যারা অন্যায্যভাবে অতিরিক্ত মূল্যে সেবাগুলো বস্তিবাসীদের দিয়ে থাকে।
২০০৯ সালের এ জরিপে এটা পরিষ্কার বেরিয়ে এসেছে যে, শহরাঞ্চলের বস্তি এলাকাগুলোর অবস্থা বেশিরভাগ পল্লী এলাকার চেয়েও খারাপ।
ইউনিসেফের মুখপাত্রটি বলেন, প্রতিবেদনে শহরগুলোকে শিশুদের জন্য আরো উপযোগী করে তুলতে কিছু সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৬৩৪ ঘ.
bdnews24