চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘ঢাকা চল’ কর্মসূচির প্রচার চালাতে গিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতলা এলাকায় হামলার মুখে পড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বিএনপির সহসভাপতি মোরশেদ খানের গাড়ির কাচ ভাংচুর হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ওই গাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও ছিলেন। তবে দুজনই অক্ষত রয়েছেন।
পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীরাই এই ভাংচুর চালিয়েছে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, এতে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলায় মহাসমাবেশের প্রচারপত্র বিলি এবং পথসভা করে ফেরার পথে বিএনপি নেতা ও শিল্পপতি এরশাদ উল্লাহর অনুসারীরা গাড়িতে ঢিল ছোড়ে।
এরপর উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কয়েকদফা হাতাহাতি ও ধাক্কাধাক্কিও হয় বলে পুলিশ জানায়।
বোয়ালখালী থানার ওসি জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
গাড়ির পেছনের অংশের কাচ ভাঙলেও দুই বিএনপি নেতার কোনো ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘ঢাকা চল’ কর্মসূচির প্রচারে মোরশেদ ও আনোয়ারসহ বিএনপির স্থানীয় নেতারা নগরীর বহদ্দারহাট থেকে প্রচার চালাতে চালাতে বোয়ালখালী যান।
ফুলতলায় মোরশেদ খানের অনুসারীরা এবং এরশাদ উল্লাহর সমর্থকরা আলাদাভাবে কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করে বলে স্থানীয়রা জানিয়েছেন। নেতারা মোরশেদ খানের অনুসারীদের নিয়ে পথসভা করলে ক্ষুব্ধ হয় এরশাদ উল্লাহর সমর্থকরা।
মোরশেদ খান চান্দগাঁও-বোয়ালখালী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন এরশাদ উল্লাহ। এরপর থেকে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা ভাংচুর করেছেন তাদের আমরা চিনি না। কিন্তু আমাদের ধারণা, ১২ মার্চের ঢাকা চল কর্মসূচিতে ভীতসন্ত্রস্ত হয়ে সরকারদলীয় লোকজন এ ভাংচুর করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24