ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলার মূল প্রাঙ্গণ থেকে বর্ধমান হাউজের পাশ দিয়ে ছোট্ট সরু গলির মতো জায়গা দিয়ে ঢুকতেই নজরে পড়ে বিশাল এক বহেরা গাছ। এই বহেরা গাছকে কেন্দ্র করেই ‘রবীন্দ্রনাথ ঠাকুর চত্বর’, যাকে সবাই ‘লিটল ম্যাগ কর্নার’ বলেই চেনে।
সেখানে কথা হয় লিটল ম্যাগাজিন ‘প্রকাশ’-এর সম্পাদক শফিক হাসানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাগজ ও কালির দাম বাড়ায় এ বছর পাঠকের সাড়া কিছুটা কম।”
বরাবরই নবীন কবি ও লেখকদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়ে আসছে লিটল ম্যাগাজিন। বর্তমান সময়ের জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের অনেকেরই লেখালেখির শুরু হয়েছিল লিটল ম্যাগ দিয়ে।
লিটল ম্যাগাজিনগুলো নতুন ধরনের এবং নিরীক্ষাধর্মী লেখার দিকে ঝুঁকে থাকার কারণে এর পাঠক শ্রেণীও একটু ভিন্ন। তবে সব ধরনের নিরীক্ষা সবসময় সাহিত্যজগতে ঠাঁই করে নিতে পারে না।
এ বছর বইমেলায় মোট ৪৬টি লিটল ম্যাগ এসেছে। উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে- একবিংশ, নিসর্গ, গান্ডীব, লোক, দ্রষ্টব্য, শালুক, শুদ্ধস্বর, চিহ্ন, কবিতাপত্র, প্রতিশিল্প, দাঁড়কাক, সাম্প্রতিক, ঋদ্ধি, হালখাতা, পর্ব, শিরদাঁড়া, ভনে, মেঘ, জংশন, নান্দনিক, কবিতা সংক্রান্তি, সাতপাতা, চর্যাপদ, কোরাস, প্রান্তস্বর, গল্পপত্র, ঊষালোক, প্রকাশ, চারুবাক, প্ল¬াটফর্ম, কবি ও কবিতা।
২৬ বছর ধরে প্রকাশিত হতে থাকা ‘একবিংশের’ সম্পাদক খোন্দকার আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিটল ম্যাগ ‘হট কেক’ নয়, যারা এর গুরুত্ব বোঝেন তারা ঠিকই সংগ্রহ করছেন। যারা লিটল ম্যাগের মাহাত্ম সম্বন্ধে জানেন তাদের কাছে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।”
“আগে অনেক কম সংখ্যক কাগজ প্রকাশিত হতো, এখন অনেকগুলো কাগজ রয়েছে।”
‘শালুক’ সম্পাদক ওবায়েদ আকাশ বলেন, “লিটল ম্যাগের লেখকের মতো পাঠকও ভিন্ন গোষ্ঠীর। সাহিত্যের প্রতি বিশুদ্ধ ‘কমিটমেন্ট’ আছে এমন ব্যক্তিরাই লিটল ম্যাগে লেখেন।”
“শুধু নির্বাচিত পাঠকরাই লিটল ম্যাগের ব্যাপারে উৎসাহী। অনেকেই যারা লিটল ম্যাগ সম্বন্ধে জানেন না তারা নাক সিঁটকান।”
এ বছর একটি যুগপূর্তি সংখ্যা ছাড়াও ১টি কবিতার বই ও দুটি প্রবন্ধ প্রকাশ করেছে শালুক।
‘কবি ও কবিতা’র সম্পাদক সাইফুর মিনার জানান, গত বছরের তুলনায় এবার লিটল ম্যাগ কর্নারে ভিড় অনেক কম।
লিটল ম্যাগের পাঠক ইশতিয়াক আহমেদ শুভ্র বলেন, “পাঠকশ্রেণী ভিন্ন হলেও প্রচারণার অভাবে তারা সাড়া পাচ্ছে না।”
আরেক পাঠক নূর-উস-সাফা অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি লিটল ম্যাগগুলো কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৪৭ ঘ.
bdnews24