২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকার চাই, ল্যাম্বার্টকে খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলকে জানালেন, নির্র্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তার দল আগামী নির্বাচন চায়। এ জন্য সরকারের সঙ্গে তারা আলোচনা বসতেও প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলকে জানালেন, নির্র্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তার দল আগামী নির্বাচন চায়। এ জন্য সরকারের সঙ্গে তারা আলোচনা বসতেও প্রস্তুত। বুধবার রাতে বিরোধী দলীয় নেতার গুলশানের কার্যালয়ে এক বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ওই বৈঠক চলে। ছয় সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যঁ ল্যাম্বার্ট। বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিরোধী দলীয় নেতার কাছে প্রতিনিধিদলটি নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছে। জবাবে খালেদা জিয়া বলেছেন, একটি নির্র্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তার দল আগামী নির্বাচন চায়। ওই সরকারটি কেমন হবে সে ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করতেও তার দল প্রস্তুত রয়েছে।” বিএনপি ক্ষমতায় গেলে পররাষ্ট্র নীতি কি হবে- তাও জানতে চেয়েছে প্রতিনিধিদলটি। জবাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, সবার সঙ্গে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে বন্ধুত্বসুলভ সম্পর্কের নীতিই হবে তার সরকারের পররাষ্ট্রনীতি। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৫৯ ঘ.