২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দোররা: ওসিসহ ৫ জনকে হাইকোর্টে তলব

নওগাঁর রানীনগর উপজেলায় এক গৃহবধু ও তার স্বামীর বন্ধুকে দোররা মারার অভিযোগে ওসিসহ ৫ ব্যক্তিকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলায় এক গৃহবধু ও তার স্বামীর বন্ধুকে দোররা মারার অভিযোগে ওসিসহ ৫ ব্যক্তিকে তলব করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রনোদিত হয়ে এই আদেশ দেয়। আগামী ১ মার্চ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। তলব করা হয়েছে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, স্থানীয় একটি মাদ্রাসার প্রধান নূর আলম, গ্রাম্য মাতবর আজিজুল হক, মোফাজ্জল হোসেন ও আফজাল হোসেনকে। দোররা মারার ঘটনা জানার পরও মামলা দায়ের করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে ওসিকে আসতে হবে। বাকিদেরকে ওই ঘটনায় তাদের ভূমিকা ব্যাখ্যা করতে আদালতে আসতে বলা হয়েছে। দৈনিক প্রথম আলোতে বুধবার ‘জরিমানার টাকায় ভূরিভোজ! গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়। প্রতিবেদনে বলা হয়, নওগাঁর রানীনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু স্বামীর অনুপস্থিতিতে তার ঘরে গেলে দুই জনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজল হোসেন। পরদিন সালিস বৈঠকে গৃহবধূ ও যুবককে দোররা মারা হয়। এছাড়া জরিমানা হিসেবে যুবকটির কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূর কাছ থেকে ৫০০ টাকা আদায় করে তা দিয়ে ভূরিভোজ করা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও আসকের আইনজীবী অবন্তী নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫৫১ ঘ.