নাটোর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে গুলিভর্তি দু’টি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার গভীর রাতে বাইপাস মোড়ে আল্ট্রা মডার্ন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- নরসিংদির সদর উপজেলার গাংকুলপাড়া গ্রামের কাওছার আলী (২৬) ও কাওরিয়াসাড়া গ্রামের ফরিদ মিয়া (৩৫)।
নাটোর পুলিশ সুপার মো. কায়মুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বুধবার রাত ৩টার দিকে বাসে অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা আমেরিকার তৈরি দুটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হিফজুল ইসলাম এ ঘটনায় বুধবার সদর থানায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই অস্ত্র বহন করছিলো বলে জানান পুলিশ সুপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৪৮ ঘ.
bdnews24