চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবার চোখ ফাঁকি দিয়ে কন্টেইনারবাহী জাহাজে সিঙ্গাপুর পাড়ি দেওয়া বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার দুপুরে মো. রিপন নামে ওই যুবককে নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। বিকালে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।
এই ঘটনা তদন্তে একটি তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য দুই সদস্য হলেন বন্দরের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আকরাম হোসেন ও টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম।
রিপন নামের ওই যুবক লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি হানসা ক্যালেডোনিয়ায় ফেরত আসেন। গত ১১ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই জাহাজে সবার অলক্ষে চেপে বসেছিলেন বরগুনার ওই যুবক।
চট্টগ্রাম বন্দর ছাড়ার পর দিন জাহাজ সমুদ্রে থাকা অবস্থায় রিপন ধরা পড়েন। পরে বাংলাদেশের অনুরোধে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়।
একই কোম্পানির একটি জাহাজের কন্টেইনারে করে গত বছরের এপ্রিলে দুই বাংলাদেশি সিঙ্গাপুর চলে যান। এদের একজন যাওয়ার পথে কন্টেইনারের ভেতরে মারা যান। আরেকজনকে নয় দিন পর সিঙ্গাপুরে উদ্ধার করা হয়।
দুপুর পৌনে ১টায় দেশে ফেরার পর প্রথমে তদন্ত কমিটি রিপনকে জিজ্ঞাসাবাদ করে। বিকাল ৪টার দিকে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বন্দর নিরাপত্তা বিভাগের কর্তব্যরত উপপরিদর্শক নিতাইপদ দাশ বাদি হয়ে অবৈধভাবে বন্দরে ঢুকে জাহাজে করে বিদেশ যাওয়ার চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেছেন।
বন্দর থানার উপ-পরিদর্শক মনির হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপনকে আদালতে পাঠানো হবে।
রিপন বরগুনার বামনা উপজেলার মৌ মারিয়া গ্রামের মৃত মো. শহিদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১০ ঘ.
bdnews24