ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি এবং ১ মার্চ অনশনের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সব সংগঠনের এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বার্তা সংস্থা, অনলাইন সংবাদপত্রসহ সব ধরনের সংবাদ মাধ্যমে এক ঘণ্টা কর্মবিরতি পালিত হবে। সেই সঙ্গে কালো ব্যাজ ধারণ করবে সাংবাদিকরা।
এছাড়া ১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে প্রতীকী অনশন হবে। সারাদেশে সব প্রেসক্লাবেও পালিত হবে একই কর্মসূচি।
এর মধ্যে সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ইকবাল সোবহান।
সাগর ও রুনি হত্যাকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
১১ দিনেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় বুধবারের সমাবেশ থেকে কর্মবিরতি ও অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকার পাশাপাশি সারাদেশে এদিন সাংবাদিকরা প্রতিবাদ সভা করে।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় সমাবেশ শুরু হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে সমাবেশ চলাকালে প্রেসক্লাবের সামনে দিয়ে পল্টন পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
বিএফইউজে ও ডিইউজের ক্ষমতাসীন ও বিরোধী দলপন্থী আলাদা কমিটি থাকলেও ১৯৯০ সালের পর এবারই প্রথম সবগুলো ধারার সাংবাদিক সংগঠন একজোট হয়ে কর্মসূচি পালন করছে।
প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেন জাতীয় প্রেসক্লাবের সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আরেক প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা টেলিফোনে এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে ইকবাল সোবহান বলেন, “এর মধ্যে (১ মার্চ) খুনিরা গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা আশা করব, পুলিশ প্রশাসন আর ধূম্রজাল সৃষ্টি না করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে।”
“আমরা বলব, খুনি যদি নিজেদের মধ্যেও হয়ে থাকে, তাকেও ধরতে হবে। খুন করার পর ওই খুনি আর সাংবাদিক থাকে না,” বলেন আওয়ামীপন্থী সাংবাদিকদের এই নেতা।
বিএনপি সমর্থিত বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “কোনো চোরাবালি দিয়ে রুনি-সাগর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া যাবে না। এর রহস্য উদঘাটন করে দ্রুত খুনিদের গ্রেপ্তার করতে হবে।”
“আমরা সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ। এখন প্রতীকী কর্মসূচি দিচ্ছি। খুনিরা গ্রেপ্তার না হলে ভবিষ্যতে ঘেরাও আন্দোলনে যেতে আমরা বাধ্য হব,” হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ থেকে সারাদেশে এর আগে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারও দাবি করা হয়।
ইকবাল সোবহানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক, অন্য অংশের সভাপতি আবদুস শহীদ, একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, অন্য অংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, শাহজাহান মিয়া, আলতাফ মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, কার্তিক চ্যাটার্জি, শাহ আলমগীর, আবদুল জলিল ভূঁইয়া, জাকারিয়া কাজল, এম এ আজিজ, সাইফুল আলম, এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে সার্ক ফোয়ারা হয়ে তোপখানা সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএসটি/এসএম/জেকে/এমআই/১৫৫২ ঘ.
bdnews24