চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে কন্টেইনারবাহী জাহাজে সিঙ্গাপুর পারি দেওয়া এক বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনা হচ্ছে।
রিপন নামের ওই যুবকের পরিচয় জানা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
চট্টগ্রাম বন্দর থেকে গত ১১ ফেব্রুয়ারি সকালে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি হানসা ক্যালেডোনিয়া ছেড়ে যায় সিঙ্গাপুরের উদ্দেশে। সংশ্লিস্টদেও অলক্ষ্যে ওই জাহাজে চড়ে বসেন রিপন নামের ওই যুবক।
বিষয়টি জানার পর জাহাজ সমুদ্রে থাকা অবস্থায় যুবকটিকে আটক করা হয়। পরে বাংলাদেশের অনুরোধে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ তাকে আবার ফেরত পাঠায়।
মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
একই কোম্পানির একটি জাহাজের কন্টেইনারে করে গত বছরের এপ্রিলে দুই বাংলাদেশি সিঙ্গাপুর চলে যান। এদের একজন যাওয়ার পথে কন্টেইনারের ভেতরে মারা যান।
আরেকজনকে জাহাজ বাংলাদেশ ছাড়ার নয় দিন পর সিঙ্গাপুরে উদ্ধার করা হয়।
রিপনের পরিচয় সম্পর্কে সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবকটির পরিচয় জানা যায়নি। সঠিক বয়সও জানা যায়নি। ফিরে এলে নিশ্চিত হওয়া যাবে।”
চট্টগ্রাম বন্দর থেকে এমভি হানসা ক্যালেডোনিয়া সিঙ্গাপুর বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় কেউ ওই যুবককে দেখতে পায়নি বলে জানান বন্দর সচিব।
১২ ফেব্রুয়ারি দুপুরে নাবিকরা তাকে জাহাজে দেখতে পায়। তখনই তারা বিষয়টি সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষকে জানায়।
১৬ ফেব্রুয়ারি জাহাজটি সিঙ্গাপুর বন্দরে ভিড়লে ক্যাপ্টেন বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে আবারও অবহিত করেন। বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে জানায়। হাইকমিশন থেকে অনুরোধ করা হয় তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়।
ফিরিয়ে আনার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে সৈয়দ ফরহাদ উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/পিডি/০১০৭ ঘ.
bdnews24