ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন যুগ্ম-সচিবসহ ১০ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এসব রদবদল করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব কবির বিন আনোয়ারকে একই কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
পদোন্নতির পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব গৌরাঙ্গ চন্দ্র মোহন্তকে সংযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওএসডি যুগ্ম-সচিব শেখ মুজিবুর রহমানকে সেতু বিভাগে সংযুক্ত করার আদেশ বাতিল করা হয়েছে।
ওএসডি উপসচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি একই দপ্তরে সংযুক্ত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য পাঁচজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একজন ইউএনওকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব মেরিনা জামানকে বরিশাল; চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মৎ রোকেয়া পারভিন ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আয়েশা আক্তারকে চট্টগ্রাম, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহানা আক্তার জাহানকে রাজশাহী ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেলালুজ্জামান সরকারকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
কুমিল্লা বুড়িচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজয় কৃষ্ণ দেবনাথকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগের জন্য প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24