গাজীপুর, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্র, দুই অটোরিকশাচালকসহ কমপক্ষে ২০/২৫ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে অটোরিকশাচালক খোরশেদ আলমকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। মাইলস্টোন কলেজের প্রথম বর্ষ বাণিজ্য শাখার ছাত্র মো. আশরাফুল, অটোরিকশাচালক মমিনসহ (৩০) আট জনকে স্থানীয় তায়রুননেসা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ডেসটিনি-২০০০ এর কর্মী মো. শাহজাহান শেখ, যশোরের নওয়াপাড়া এলাকার নাজির আহমেদ, তার ছেলে মো. নাইমসহ কয়েকজনকে স্থানীয় সুলতান জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল সোয়া ৭টার দিকে বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী চলাচল পরিবহনের একটি বাস যাত্রী উঠানোর সময় পেছন থেকে ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস এটি ধাক্কা দেয়। ওই সময় রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই দুটি বাসকে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24