ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব মুহাম্মদ ফয়জুল্লাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার নিকটজন সৈয়দ মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুহাম্মদ ফয়জুল্লাহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।
পাকিস্তান আমলে সিএসপি ১৯৬৫ ব্যাচের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন মুহাম্মদ ফয়জুল্লাহ। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর সমাজ কল্যাণ সচিব থাকাকালে সরকারি চাকরি থেকে অবসরে যান। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা।
সোমবার জোহরের নামাজের পর ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে মুহাম্মদ ফয়জুল্লাহর প্রথম জানাজা হয়। এরপর সাভারে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই সাবেক সচিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরইচ/জেকে/২২০১ ঘ.
bdnews24