ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমদ মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ জাতীয় সঙ্কটে ফয়েজ আহমদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার এই অবদানের কথা জাতি মনে রাখবে।
“প্রধানমন্ত্রী এই সংবাদিকের বিদেহী আত্মার মাহফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন”, বলেন প্রেস সচিব।
সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক ফয়েজ। ৮৪ বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
একুশে পদক পাওয়া এই সাহিত্যিক বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনেও তিনি ছিলেন প্রথম কাতারে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতিতে জড়িত ফয়েজ আহমদ সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১০২৫ ঘ.
bdnews24