২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ধর্মীয় পরিচয়ে ‘বিয়ে প্রতারণা’ তদন্তের নির্দেশ

এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্মীয় পরিচয় দিয়ে বিয়ের পর স্ত্রী হিসাবে অস্বীকার করার অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্মীয় পরিচয় দিয়ে বিয়ের পর স্ত্রী হিসাবে অস্বীকার করার অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে আদালত। সুদর্শন কুমার রায় ওরফে শিমুল গাজী (২৯) নামের ওই ব্যক্তি বর্তমানে দিনাজপুরের দিনাজপুরের সার্কেল-৯-এর শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত। রোববার ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ আগামী ১২ এপ্রিলের মধ্যে মামলার অভিযোগ তদন্ত করে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে (প্রশাসন) আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সুদর্শনের বিরুদ্ধে এ মামলাটি করেন কুমিল্লার মেঘনা থানার মুগারচর গ্রামের শিল্পী আক্তার (৩১)। মামলা দায়ের এবং আদেশের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিল্পীর আইনজীবী শরিফুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, শিল্পীর আগের স্বামী মো. আলী জিন্নাহ ঢাকার নবাবগঞ্জ থানার সোনালী ব্যাংকের চুরাইন শাখায় কনিষ্ঠ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। একই শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন সুদর্শন। সেই সূত্রে শিল্পীর সঙ্গে সুদর্শনের পরিচয়। পরবর্তীতে জিন্নাহ ও শিল্পী তাদের চুরাইনের ভাড়া বাসায় সুদর্শনকে থাকতে দেন। সেখানেই শিল্পী ও সুদর্শনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় বলা হয়। জিন্নাহকে ছেড়ে ২০১০ সালের ১০ ডিসেম্বর হলফনামা করে সুদর্শনকে বিয়ে করেন শিল্পী। পরের বছর ২০ জানুয়ারি কাজী অফিসে তাদের নিকাহনামা স্বাক্ষর হয়। প্রায় দেড় বছর স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে বসবাসের পর ২০১১ সালের ২৮ ডিসেম্বর শিল্পীকে তাড়িয়ে দেন সুদর্শন- এ অভিযোগ করে মামলায় বলা হয়, “এ সময় সুদর্শন বলেন, ‘তুমি আমার স্ত্রী নও। আমি হলফনামা ও নিকাহনামায় মিথ্যা নাম, পরিচয় ও ঠিকানা ব্যবহার করেছি’।” মামলা বিষয়ে জানতে চাইলে গত বৃহষ্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুদর্শন ফোনে বলেছিলেন, “মহিলাকে আমি চিনি। তবে মামলায় যে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে তা মিথ্যা।” তবে আদালতে দাখিল করা স্বামী-স্ত্রী হিসাবে সুদর্শন ও শিল্পীর একটি ছবি সম্পর্কে জানতে চাইলে কিছুক্ষন নিশ্চুপ থেকে ফোন লাইন কেটে দেন নবীন এই পুলিশ কর্মকর্তা। সুদর্শনের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া থানার বনগ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/পিডি/২০০৩ ঘ.