২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু সোহরাব নিহত

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু সোহরাব বাহিনী প্রধান সোহরাব হোসেন হাওলাদার (৩৮) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

বাগেরহাট, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু সোহরাব বাহিনী প্রধান সোহরাব হোসেন হাওলাদার (৩৮) নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামে এই বন্দুকযুদ্ধে তিন পুলিশ আহত হয় বলে পুলিশ জানিয়েছে। গুলিতে আহত পুলিশ সদস্য আবুল কালাম, রবিউল ইসলাম ও হাফিজুর রহমানকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, বন্দুকের দুটি তাজা গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সাদা পোশাকের একদল পুলিশ বেলা ১২টার দিকে বারুইখালী গ্রামে সোহরাবের বাড়িতে অভিযান চালায়। এ সময় সোহরাব ও তার কয়েকজন সহযোগী পুলিশের প্রতি গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সোহরাব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, আহত হয় অভিযানে থাকা তিন পুলিশ সদস্য। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। ওসি আরো বলেন, নিহত সোহরাব পিসি বারুইখালী গ্রামের প্রয়াত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে সোহরাব নিজ নামে দল গঠন করে সুন্দরবনের মোরেলগঞ্জ ও শরণখোলা সংলগ্ন বনে ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল। তার দলে ১২ থেকে ১৫ জন সদস্য এবং পাঁচ ছয়টি আগ্নেয়াস্ত্র আছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনি আরও বলেন, সোহরাবের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং শরণখোলা থানায় অস্ত্র ও চাঁদাবাজির দু’টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.