২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মুহূর্তে ছাই হল ২০০ বস্তিঘর

রোববার ভোরের এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 03:28 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী বস্তিতে আগুনে পুড়েছে দুইশ ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন। রোববার ভোরের এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল ব্যাহত হয়। অগ্নি নির্বাপণ বাহিনীর মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় জেলা পরিষদ এবং সড়ক জনপথ অধিদপ্তরের জমিতে গড়ে উঠা বস্তিতে ভোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ঝুটের গুদামসহ বস্তির দুইশ ঘর পুড়েছে বলে জানান তিনি। ফুলুর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আগুন নেভাতে গিয়ে বস্তিবাসী ১০ জনের আহত হওয়ার বিষয়টি জানা গেলেও তাদের পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তিতে বেশিরভাগ ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে অগ্নি নির্বাপণ বাহিনীর ধারণা। বস্তিবাসী বলছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা। এই বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে লোকজন জড়ো হওয়ায় সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান পরিদর্শক সাইফুল। আড়াইহাজারে আগুন নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়েছে। শনিবার রাতে দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, কালিবাড়ি বাজারে রাত ১০টায় আবদুল লতিফের মালিকানাধীন মার্কেটে নুরুল ইসলামের একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি মুদি, ওষুধ ও সুতা-তুলার দোকানসহ সাতটি দোকান পুড়েছে বলে তিনি জানান। সিরাজদিখানে অগ্নিকাণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামের গোয়ালখালী বাজারে রোববার ভোরে আগুন লেগে ১২টি দোকান পুড়েছে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করছেন। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভোর পৌনে ৫টায় আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় অগ্নি নির্বাপণ বাহিনী আগুন নেভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২০ ঘ.