সিলেট, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ‘ডাকাতের’ গুলিতে এক মুদি দোকানি নিহত হয়েছেন। তবে নিহতের স্ত্রী এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
শনিবার ভোরে শহরতলীর খাদিমপাড়ার দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জিল (৩৫) নগরীর দলইপাড়া এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। কালিঘাট এলাকায় তার মুদির দোকান রয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডাকাতের হামলায় তার ভাই মহসিন উদ্দিন (৩০) আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছোট বোন পারুল বেগম সাংবাদিকদের বলেন, ভোররাত ৩টার দিকে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে আলমারি ভেঙে ৪-৫ ভরি স্বর্ণলঙ্কার লুটে নেয়।
“বাধা দিলে মঞ্জিলকে ডাকাতরা প্রথমে অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে হত্যা করে। এসময় ছোট ভাই মহসিন উদ্দিনকেও কুপিয়ে আহত করে ডাকাতরা,” বলেন তিনি।
নিহতের স্ত্রী হুসনা বেগম জানান, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে তা তিনি জানাতে পারেননি।
শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার সাংবাদিকদের জানান, নিহতের বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। সুমন আহমদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24