২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরা হলো না মঞ্জুরুলের

মাসিক ৪০ হাজার টাকা বেতনের আশায় অবৈধভাবে ভুটান গিয়েছিলেন ময়মনসিংহের মঞ্জুরুল ইসলাম। সেখানে ঠাণ্ডাজনিত কারণে মারা যাওয়ার পর লাশ হয়েও দেশে ফেরা হলো না তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লালমনিরহাট, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসিক ৪০ হাজার টাকা বেতনের আশায় অবৈধভাবে ভুটান গিয়েছিলেন ময়মনসিংহের মঞ্জুরুল ইসলাম। সেখানে ঠাণ্ডাজনিত কারণে মারা যাওয়ার পর লাশ হয়েও দেশে ফেরা হলো না তার। মঞ্জুরুলের মরদেহ নিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মেখলিগঞ্জের সীমান্তে লাশ ফেলেই চলে আসতে বাধ্য হয়েছেন তার তিন সহকর্মী। আলী হোসেন (৩০), মো. মাসুদ (৩০) ও আকিকুল ইসলাম (৩০) নামের ওই তিনজন বর্তমানে দহগ্রাম পুলিশের হেফাজতে আছেন। তাদের বরাত দিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তরা জানান, আদম ব্যবসায়ীর খপ্পড়ে পড়ে মাস দেড়েক আগে ভুটানে যান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মঞ্জুরুল ইসলামসহ (৩৬) চারজন। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ নেন তারা। দিন দশেক আগে প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মঞ্জুরুল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা যান তিনি। এই অবস্থায় বৈধ কাগজপত্র না থাকায় মঞ্জুরুলের লাশ দেশে ফিরিয়ে আনতে বেকায়দায় পড়েন তার সঙ্গীরা। ফলে অবৈধপথেই আবার দেশের পথে রওনা হন তারা। পুলিশের হেফাজতে থাকা আলী হাসান ও মাসুদ সাংবাদিকদের জানান, মঞ্জুরুলের লাশ নিয়ে ভারতে ঢুকে পড়ার পর শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে তারা দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে সেখানেই লাশ ফেলে মুন্সীপাড়া সীমান্ত দিয়ে ছিটমহলে প্রবেশ করেন তারা। দহগ্রাম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লেবু মিয়া জানান, ওই তিনজন আপাতত তাদের হেফাজতে আছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, মঞ্জুরুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দি গ্রামে। আলি হোসেনের বাড়ি একই উপজেলার রাওনা গ্রামে। মাসুদ ফুলপুর উপজেলার সোনাই গ্রাম এবং আকিকুল জিগারকান্দ গ্রামের বাসিন্দা। পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, ফিরে আসা তিনজনের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন সাংবাদিকদের জানান, মঞ্জুরুলের লাশ কোথায় ফেলে এসেছে তা স্পষ্ট করে বলতে পারেনি পালিয়ে আসা শ্রমিকরা। “তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত হলে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দিয়ে লাশ ফেরত চাওয়া হবে।” পুলিশ হেফাজতে থাকা তিন জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমাসে ৪০ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়) বেতনের আশায় এক আদম ব্যাপারীকে ৮০ হাজার টাকা দিয়ে তারা ভুটান যান। তাদের কাছ থেকে টাকা নেন মংমনসিংহের ফুলফুর উপজেলার সিঙ্গাসর গ্রামের আব্দুল কাদের। মাস দেড়েক আগে দালালদের মাধ্যমে তাদের চারজনকে ঢাকায় গাবতলী আনা হয়। সেখান থেকে নিত্য ও গিয়াস উদ্দিন নামের দুই জনের মাধ্যমে তাদের পাঠানো হয় দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এরপর ভারত হয়ে ভুটানে যান তারা। ভুটানে রাজু দাস নামে আরেক ব্যক্তির মাধ্যমে তারা কাজ পান পিএনকে কন্সট্রাকশনস নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে। কিন্তু কঠোর পরিশ্রম আর ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়েন মঞ্জুরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১১২০ ঘ.