লাবলু আনসার
নিউইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক উষ্ণায়ন রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের নতুন এক জোট গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মিলনায়তনে শুক্রবার এক আন্তর্জাতিক সম্মেলন থেকে এই জোটের ঘোষণা দিয়ে হিলারি বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে আমরা এখনো খুব বেশি কিছু করতে পারিনি। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, সুইডেন, মেক্সিকো ও ঘানাকে নিয়ে গঠিত এই জোট বায়ুমণ্ডলের মিথেন, ব্ল্যাক কার্বন ও হাইড্রো-ফ্লুরোকার্বন (এইচএফসি) কমিয়ে আসতে কাজ করবে।
বাংলাদেশের পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, কানাডার পিটার কেন্ট, সুইডেনের লিনা এক, মেক্সিকোর জুয়ান রাফায়েল এলভিরা কুয়েসাডা, জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি-ইউএনইপির নির্বাহী পরিচালক আকিম স্টেইনার, যুক্তরাষ্ট্রের ইপিএ প্রধান লিসা জ্যাকসন এবং যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি টোড স্টার্নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গবেষক ও এনজিও প্রতিনিধিরা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় হিলারি জানান, এই জোটের কার্যক্রম পরিচালনায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১২ মিলিয়ন ডলার দেবে। জোটের বাকি সদস্যারা মিলে দেবে আরো ১৫ মিলিয়ন ডলার।
অনুষ্ঠানে জানানো হয়, বায়ুমণ্ডলের শর্ট লিভড ক্লাইমেট পলিউট্যান্টস (এসএলসিপি) হিসেবে পরিচিত ক্ষতিকর কার্বনের মাত্রা কমিয়ে আনা গেলে বৈশ্বিক উষ্ণায়নও ধীরে ধীরে কমিয়ে আনা যাবে। এতে ২০৩০ সাল নাগাদ বছরে ২০ লাখ লোকের অকাল মৃত্যু রোধ করা যাবে। প্রতিবছর ৩০ মিলিয়ন টন খাদ্য-শষ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে।
বাংলাদেশকে এ উদ্যোগে সম্পৃক্ত করায় হাছান মাহমুদ জোটের অন্য সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান এবং অন্যান্য দেশকেও এতে শরিক হওয়ার আহ্বান জানান।
পরিবেশ মন্ত্রী সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জনস্বাস্থ্য ও কৃষিতে এসএলসিপির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং কার্যক্রমের বর্ণনা দেন।
বিজ্ঞানীর বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, বাংলাদেশ তাদের অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ সাগরে তলিয়ে যাওযার আশঙ্কা ছাড়াও বৃষ্টিপাত কমে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা বৃদ্ধি এবং মাটির লবণাক্ততা বেড়ে যাওয়ার মতো সমস্যার মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.
bdnews24