২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাতদন্ত সঠিকভাবেই চলছে: সাহারা

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের এক সপ্তাহে পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা অপরাধীদের চিহ্নিত করতে না পারলেও তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক সপ্তাহে পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা অপরাধীদের চিহ্নিত করতে না পারলেও তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সঠিকভাবেই তদন্ত চলছে। তদন্ত করেই আসল খুনিদের তারা (পুলিশ) বের করতে পারবে।” তদন্তের বিষয়ে কোনো কথা বলতে অনীহা প্রকাশ করে মন্ত্রী বলেন, “একজন মন্ত্রী হিসেবে তদন্ত সম্পর্কে কিছুই বলা আমার উচিৎ হবে না। তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন।” গত শনিবার ভোররাতে পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। হত্যাকাণ্ডের দিনই স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এরমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করলেও পরবর্তী কয়েকদিনে পুলিশের বক্তব্যে স্পষ্ট, তারা অপরাধী কিংবা অপরাধের কারণ সুনির্দিষ্ট করতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী পরে অবশ্য বলেন, পুলিশকে সক্রিয় রাখতেই তিনি ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। গাজীপুরেও একই কথা বলেন তিনি। সাহারা বলেন, “আইন প্রয়োগকারী সংস্থার ওপর একটা চাপ তো রাখতেই হবে, আমি তাদের চাপে রাখতেই বলেছি যে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে হবে। এটা বলাতে আমি মনে করেছি তারা সোচ্চার হবে, তারা তৎপর হয়েছে এবং আছে।” বিকালে গাজীপুর সদর উপজেলার পূবাইলের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ৪৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত-বিএনপি যুদ্ধাপরাধের বিচার কাজ বানচালের ষড়যন্ত্র করছে। “গোলাম আজম-সাকা চৌধুরীরা রাজাকার আলবদর বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। দেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে জামায়াতে ইসলামী ও রাজাকাররা আমাদের বুদ্ধিজীবীদের হানাদারদের হাতে তুলে দিয়েছিল। আজ বিএনপি তাদের সহযোগিতা করছে,” বলেন তিনি। যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীস সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা। অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খাঁনও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.