ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ছয় দিন পর আঙুলের ছাপের প্রতিবেদন জমা পড়লেও পুলিশ আলামতে তেমন কিছুই পায়নি।
পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) বৃহস্পতিবার রাতে ওই প্রতিবেদন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে জমা দেয়।
শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ কার্যালয়ে এক অনির্ধারিত সাংবাদিক সম্মেলনে ডিবির অতিরিক্তি উপপুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে প্রতিবেদনটি জমা পড়েছে। এতে বলা হয়েছে আলামত অস্পষ্ট।
এ বিষয়ে বিস্তারিত জানাতেও অপারগতা প্রকাশ করেন তিনি।
এ প্রতিবেদন দিতে এতো দেরির কারণ জানতে চাইলে মেহেদী হাসান বলেন, “ফলাফল পেতে একটু সময়তো লাগবেই।”
শুক্রবার সাপ্তাহিক ছুটিতে থাকায় এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মনিরুল ইসলামও।
এদিকে, ডিবির উপ কমিশনার মাহবুবর রহমান জানান, সাগর-রুনি যে ভবনে থাকতেন, তার তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর, নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল এবং ভবনের ব্যবস্থাপক আবু তাহেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছিল পুলিশ।
গত শনিবার ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ থাকলেও পুলিশ তা পারেনি। এ পর্যন্ত তদন্তে তেমন কোনো অগ্রগতির কথাও পুলিশ কর্মকর্তারা জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৫১৮ ঘ.
bdnews24