নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
যাত্রীবেশী ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করেছে বলে যাত্রীরা দাবি করেছেন।
বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ মো. আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৪৩৮) রূপসী এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ৭/৮ জন ডাকাত সদস্য অস্ত্রের মুখে বাস চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।
এ সময় ডাকাতরা যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল লুট করে।
পরে ডাকাত দল আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা আওলাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১১৭ ঘ.
bdnews24