কক্সবাজার, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজার খানেক যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়েছে পর্যটনতরী সোনারগাঁও।
স্টিয়ারিং হুইল বিকল হয়ে পড়ায় জাহাজটি সাগরে নোঙর করে রয়েছে বলে জাহাজ মালিক জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজের যাত্রীদের ফিরিয়ে আনতে উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে সাগরে ভাটা হওয়ায় সকাল ছাড়া তাদের তীরে আনা যাবে না।
সোনারগাঁও সেন্ট মার্টিন থেকে বেলা সাড়ে ৩টায় টেকনাফের পথে রওনা হয়। এর ২০ মিনিট পরই স্টিয়ারিং হুইল বিকল হয়ে পড়ে বলে জাহাজটির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ জানান।
তিনি বলেন, “সকাল ৯টায় টেকনাফের হ্নীলা দমদমিয়া ঘাট থেকে ৭০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যায় সোনারগাঁও। ফেরার পথে জাহাজের স্টিয়ারিং হুইলের হাইড্রোলিক পাইপটি ছিদ্র হয়ে যায়।
“কোনোমতেই ছিদ্রটি বন্ধ করা সম্ভব না হওয়ায় জাহাজটি থামিয়ে দেওয়া হয়। এটি সাগরের মাঝপথেই নোঙর করে রাখা হয়েছে,” বলেন তোফায়েল।
মালিক পক্ষ ৮০০ বললেও ওই জাহাজে প্রায় দেড় হাজার যাত্রী রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে তোফায়েল বলেন, জাহাজটির যাত্রীধারণ ক্ষমতা ৮৫৫ জন। সেন্ট মার্টিন যাত্রার সময় যাত্রী ছিল প্রায় ৭০০ জন। ফেরার পথে যাত্রী বাড়লেও আটশ’র বেশি হওয়ার কথা নয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, আটকা পড়া পর্যটকদের নিয়ে আসার জন্য পর্যটকবাহী আরেক জাহাজ কেয়ারী সিন্দবাদ পাঠানো হয়। তারা ওই জাহাজের কাছে গেলেও সাগরে ভাটা হওয়ায় সকালে জোয়ারের সময় তাদের তীরে আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩২ ঘ.
bdnews24