২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশে পদোন্নতিতে মানবাধিকার সনদ নিন’

পুলিশ বাহিনীতে পদোন্নতিতে মানবাধিকার লঙ্ঘন না করার সনদ নেওয়ার বিধান প্রবর্তন করা যেতে পারে বলে মত দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বাহিনীতে পদোন্নতিতে মানবাধিকার লঙ্ঘন না করার সনদ নেওয়ার বিধান প্রবর্তন করা যেতে পারে বলে মত দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নাতিকে পুলিশী নির্যাতনের বিষয়ে হাই কোর্টের দেওয়া একটি স্বতপ্রণোদিত রুলের শুনানিতে বৃহস্পতিবার এ অভিমত দেন চেয়ারম্যান মিজানুর রহমান। এ বিষয়ে তিনি আদালতের নির্দেশনার কামনা করেন। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই শুনানি হয়। দিনশেষে শুনানি মুলতবি করে সোমবার পরবর্তী দিন ধার্য করে আদালত। শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম পুলিশের কাজ তদারকিতে থানায় থানায় মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সিসিটিভি স্থাপনের দাবি জানান। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ তাকে শুক্রবার তিন ঘণ্টা থানায় আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলের ছাত্র ১৯ বছর বয়সী রাকিব এরপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে দৈনিক প্রথম আলো গত রোববার ‘তাজউদ্দিনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করলে ওইদিনই আইনজীবী শম রেজাউল করিম তা আদালতের নজরে আনেন। এরপর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি পাঁচ পুলিশ কর্মকর্তাকে তলব করে। ওই আদেশে সকালে তারা আদালতে হাজির হন। এরা হলেন- ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার লুৎফুল কবির, সহকারী কমিশনার আশরাফুল আজিম মিয়া, গুলশান থানার ওসি শাহ আলম, উপ-পরিদর্শক সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমান। শুনানিতে অধ্যাপক মিজান বলেন, “এ ঘটনার মাধ্যমে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে মানুষ নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে না । “সরকারের গুটি কতিপয় কুলাঙ্গারের জন্য এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সুশাসনে বিশ্বাসী মানুষের উচ্চাশা হতাশায় পরিণত হতে পারে না।” তিনি বলেন, “পুলিশের সব পর্যায়ের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার কমিশন থেকে এই মর্মে সনদ নেওয়ার বিধান করা হোক যে, এই পুলিশ কর্মকর্তা কখনো মানবাধিকার লঙ্ঘন করেনি বা তার দ্বারা কোনো তার অতীত রেকর্ডে কোনো মানবাধিকার লঙ্ঘন নেই।” এ সময় আদালত বলে, মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা প্রদানে বিদেশি দূতাবাসগুলোর একটা বিষয় রয়েছে। কহিনূর মিয়াকে তো ইউএসএ’র ভিসা দেওয়া হয়নি। এ সময় আইনজীবীরা বলেন, কহিনূর মিয়া দেশে নেই। তিনি পলাতক। আদালতে আইনজীবী শম রেজাউল করিম বলেন, “পুলিশ রাকিবকে পিটিয়েছে। তাকে মারার মাধ্যমে শুধু তার পরিবার কষ্ট পায়নি। বরং তাকে যারা ভালোবাসে তাদের হদয়েও রক্তক্ষরণ হয়।” “মুক্তিযুদ্ধ শুরুর পর কীভাবে যুদ্ধ পরিচালিত হবে, সে ব্যাপারে নানা মত দেখা দেয়। কেউ বলে বিপ্লবী পরিষদ গঠন করা হোক। তখন তাজউদ্দিন বললেন, আমরা একটি বিপ্লবী পরিষদ গঠন করলে আরেকজন পাল্টা একটি পরিষদ গঠন করবে। এরপর সব বাধা অতিক্রম করে, সব ষড়যন্ত্র উৎরে তাজউদ্দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন।” এ সময় আদালত বলে, শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, স্বাধীনতার পরও তার অবদান ছিলো। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর যদি তাজউদ্দিনকে বঙ্গবন্ধুর কাছ থেকে সরিয়ে না দেওয়া হতো, তাহলে ১৫ অগাস্ট ঘটতো না। রেজাউল করিম বলেন, আজ আদালতে নির্যাতিত রাকিবের মা সিমিন হোসেন রিমি এসেছেন। তার বাবাও উপস্থিত। তবে রাকিবকে আনতে পারিনি। আদালতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ব্যারিস্টার তানিয়া আমীর, রাকিবের বাবা মোস্তাক হোসেন, রাকিবের মা ও তাজউদ্দিনের কন্যা সিমিন হোসেন রিমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৩৫ ঘ.