২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভিতে ‘ভাংচুর’ কর কর্মকর্তাদের

এক দল কর কর্মকর্তার বিরুদ্ধে কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে থানায় জিডি করেছে এনটিভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দল কর কর্মকর্তার বিরুদ্ধে কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে থানায় জিডি করেছে এনটিভি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে বলে বেসরকারি এই টেলিভিশনের কর্তৃপক্ষ জানিয়েছে। তারা বলছেন, কর সংক্রান্ত কাগজপত্র চাওয়ার এক পর্যায়ে এনবিআরের কর্মকর্তা দল ভাংচুর শুরু করেন। ঘটনার ভিডিওচিত্র রয়েছে বলে এনটিভি কর্মকর্তারা জানিয়েছেন। তবে অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। এনবিআরের করদাতা ইউনিটের সহকারী কমিশনার নুসরাত জাহানের নেতৃত্বে একটি দল দুপুর সোয়া ১২টার দিকে এনটিভি কার্যালয়ে যায়। এনটিভির বিপণন শাখার কর্মকর্তা অসীম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর কর্মকর্তারা এসে অর্থ বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানীর কক্ষে যান। সেখানে তাকে না পেয়ে তিনি অন্য কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন। তিনি বলেন, “সহকারী কমিশনার নুসরাত কর্মকর্তাদের কাছে কর প্রদানের কাগজপত্র দেখতে চান। কর্মকর্তারা তখন কী কী কাগজ প্রয়োজন, তার চাহিদাপত্র দিতে বললে তিনি কক্ষের টেলিফোন সেট, কম্পিউটার এবং কাগজ পত্র ছুড়ে ফেলে ভাংচুর শুরু করেন।” এনটিভি কর্মকর্তারা কর কর্মকর্তাকে শান্ত হতে বললে নুসরাত উল্টো গালাগালি করেন বলে অসীম অভিযোগ করেন। অসীম অভিযোগ করেন, কর কর্মকর্তা নুসরাত পরে বিপণন বিভাগে গিয়ে ওই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। “এ সময় আমার শার্টের কলার ধরে ধাক্কাধাক্কিও করেন। তখন এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার তাকে শান্ত হওয়ার অনুরোধ করলে তাকেও রুম থেকে বেরিয়ে যেতে বলেন তিনি,” বলেন অসীম। এই ঘটনা সঙ্গে সঙ্গে এনটিভির পক্ষ থেকে তেজগাঁও থানায় জানানো হয়। তখন পুলিশ এসে কর কর্মকর্তাদের নিয়ে যায়। তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনটিভির ফাইন্যান্স বিভাগের উপমহা ব্যবস্থাপক (ডিজিএম) চৌধুরী মো. পারভেজ বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযানের সময় এনবিআরের দলের সঙ্গে থাকা আব্দুল বারী সাংবাদিকদের বলেন, “এনটিভি কর্মকর্তাদের আচরণ যথেষ্ট শোভন হলেও ম্যাডাম (নুসরাত) ক্ষিপ্ত হয়ে আমাদের ভাংচুর করতে নির্দেশ দিয়েছিলেন। ঠিক কী কারণে তিনি এত ক্ষিপ্ত ছিলেন, তা বুঝতে পারছি না।” এই বিষয়ে নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, “আমি কারো সঙ্গেই খারাপ আচরণ করিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮৪০ ঘ.