ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে পালানোর সময় দুইজনকে ধরে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের গদারবাগে এ ঘটনা ঘটে।
নিহত মো. মামুনের (৩৬) গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায় বলে পুলিশ জানায়।
আটককৃত দুইজন হলেন- সালাউদ্দিন আহম্মেদ টিপু (৩৫) ও আহসান হোসেন রিয়েল (৩৮)। তারা রাজধানীর হাজারীবাগ এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তিনজন একটি মোটর সাইকেলে চড়ে গদারবাগে আনোয়ারের জমি প্রকল্পের ভেতর ঢোকে। কিন্তু পরে দুজন বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়।
এলাকাবাসী ওই দুই জনের কাছে তাদের অন্য সঙ্গীর কথা জানতে চাইলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
এসময় এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে এবং জমি প্রকল্পের ভেতরে মামুনের লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৪৪ ঘ.
bdnews24