ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের জন্য অষ্টম মজুরি বোর্ড শিগগিরই গঠন করা হবে বলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সংসদে একথা জানান।
বিএনপির সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিগগিরই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হবে। তাই অন্তর্বর্তীকালীন মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় নেই।”
বর্তমানে সংবাদকর্মীরা সপ্তম মজুরি বোর্ড অনুযায়ী বেতন-ভাতা পান। তা ২০০৮ সালের ২২ মে কার্যকর হয় বলে তথ্যমন্ত্রী জানান।
বিএনপির আরেক সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে আবুল কালাম জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে ৭৫৪টি পত্রিকার নামের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রের সংখ্যা ১১৬টি।
তথ্যমন্ত্রী সংসদে জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিজ্ঞাপন প্রচার করে ১৩৯ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৮২৭ টাকা আয় করেছে। ওই সময়ে বেতার আয় করেছে ৯ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ক্রোড়পত্র ও বিজ্ঞাপন থেকে সরকার ২ ভাগ সার্ভিস চার্জ বাবদ ১২ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা আদায় করেছে বলেও সংসদে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24