২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটা থেকে ২৪ ‘বন্দি’ শিশু উদ্ধার

কক্সবাজারের বাংলাবাজার এলাকায় একটি ইটভাটা থেকে বন্দি অবস্থায় ২৪ শিশুকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

কক্সবাজার, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের বাংলাবাজার এলাকায় একটি ইটভাটা থেকে বন্দি অবস্থায় ২৪ শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে ‘বিএসসি ব্রিক ফিল্ড’ নামে ওই ইট ভাটায় অভিযান চালানো হয়। এ ঘটনায় ইটভাটার মালিক আবদুস শুক্কুরসহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত অন্য দুই জন হলেন, ইটভাটার ব্যবস্থাপক রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার শামসুল আলম (৪৫) ও জামালপুর জেলার জয়নাল আবেদীন (২৫)। আটক ইটভাটা মালিকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে। উদ্ধার করা শিশু শ্রমিকরা হলো- আরিফ (১২), খাইরুল (১৬), জাহাঙ্গীর (১৮), শামীম (১১), রাশেদুল (১৮), সুজন (১৭), রফিক (১৮), মিলন (১৯), লাল মিয়া (৭), বিল্লু (১৮), বাবুল (১৬), রফিকুল (৯), মাসুদ (১৮), রবিউল (১৭), মিজান (১৭), শামীম (১৪), আল আমিন (১৪), সোহেল (১৭), রুবেল (১০), আনোয়ার (১৭), শাকিল (৯), জাহেদুল (১০), মনোহার (১২) ও শামীম (১২)। র‌্যাব জানিয়েছে, তাদের সবার বাড়ি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়। র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ক্যাপ্টেন সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ইটভাটায় শিশুদের জিম্মি করে কাজ করানো হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। ইটভাটার কাছে একটি ঘরে তাদের তালাবদ্ধ করে রাখা হয়েছিলো। উদ্ধার হওয়া শিশু লাল মিয়া (১২) ও শাকিল (৯) জানিয়েছে, ইটভাটা মালিকের নির্দেশে শ্রমিকরা তাদের ওই ঘরে আটকে রাখতো। ঠিকমত খেতে দিতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটভাটায় কাজ করানো হতো। শিশু লাল মিয়া সাংবাদিকদের জানান, কান্নাকাটি করলে ম্যানেজার লোকজনকে দিয়ে বেদম মারধর করাতো। সারাদিন তাদের নজরদারিতে রাখা হতো যেন কেউ বাইরে যেতে না পারে। র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের উপ-সহকারী পরিচালক আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, জামালপুরের মাদারগঞ্জ এলাকা থেকে ইদ্রিস নামের এক দালাল ওই শিশু কিশোরদের ফুঁসলিয়ে ইটভাটায় নিয়ে এসেছিলো। বুধবার দুই শিশুর বাবা র‌্যাব ক্যাম্পে হাজির হয়ে লিখিত অভিযোগ করলে শিশুদের উদ্ধারে অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২১ ঘ.