ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল কুদ্দুস মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
দুই ছেলে ও এক মেয়ের জনক কুদ্দুস ’৭১-এ রণাঙ্গনে যুদ্ধ করেছেন।
আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজার পর দলীয় কার্যালয়ের সামনে এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।
এদিকে আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল কুদ্দুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতা হারালো।
তার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কুদ্দুসের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বোচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১২২৭ ঘ.
bdnews24