ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি জেনে সংসদের কার্যক্রমের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে তিনি বলেন, “আমি অনেক টকশো শুনি। টকশোতে বলা হয়-আমি চার বা পাঁচ মিনিটে বিল পাস করে ফেলি। নোটিস দিয়ে কেউ না এলে তাদের অভিযুক্ত করবেন। স্পিকার, সংসদ [অভিযুক্ত হবে] কেন? ”
“যারা টক শোতে আলোচনা করেন, সম্পাদকীয় লেখেন, তাদের বলব- সংসদের কার্যক্রম জেনে লিখুন।”
গতবছর ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল সংসদে পাস হয় কয়েক মিনিটে। এরপর কর্পোরেশন বিভক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ‘দ্রুত’ বিল পাসের সমালোচনা করা হয়।
বুধবারের অধিবেশনে মানব পাচার প্রতিরোধ ও দমন বিল-২০১২ পাসের প্রক্রিয়ায় সাংসদদের নোটিস দিয়ে উপস্থিত না থাকার প্রসঙ্গ তুলে ধরেন স্পিকার।
তিনি বলেন, “এই বিলের ওপর সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন ও নিলুফার চৌধুরী মনি এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।”
“কিন্তু তারা কেউই উপস্থিত নেই। এই তিন সাংসদ ২৫টির ওপর সংশোধনী দিয়েছিলেন।”
নোটিশ দিয়েও তাদের উপস্থিত না থাকার বিষয়ে স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত না থাকলে কী হবে? আমি ডাকলাম, কাউকে পেলাম না। তা হলে কী আমি চুপ করে বসে থাকবো? আমি তো চুপ করে বসে থাকতে পারি না। চুপ করে বসে থাকার রেওয়াজও নেই।”
“আমি পারি একমাত্র আস্তে আস্তে কথা বলতে।”
এ সময় স্পিকার “মাননীয়” বলে কয়েক সেকেন্ড থেমে আবার বলেন, “সদস্যবৃন্দ”, তারপর একটু চুপ থেকে বলেন, “আমি বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি।”
এভাবে থেমে থেমে একটি বাক্য শেষ করে স্পিকার বলেন, “এভাবে বলে আমি কিছু সময় নষ্ট করতে পারি। তখন দেশের মানুষ তো বলবে- স্পিকারের মাথা খারাপ হয়ে গেছে বা আমি অন্য দোষে দুষ্ট বা আমি সংসদের সময় নষ্ট করছি।”
এরপর, ‘মানব পাচার প্রতিরোধ ও দমন বিল-২০১২’ এবং ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল-২০১২’ পাস হয়।
অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল-২০১২-এর ওপরও বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন, আশিফা আশরাফী পাপিয়া ও নিলুফার চৌধুরী মনি এবং সতন্ত্র সাংসদ ফজলুল আজিম নোটিস দিয়েছিলেন। তবে, তারা কেউই উপস্থিত ছিলেন না।
বিল দু’টি পাসের পর স্পিকার বলেন, “১২ মিনিটে এগুলো পাস হয়েছে এবং চার মিনিট কথা বলেছেন তিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচসি/এএইচ/পিডি/২২৫৭ ঘ.
bdnews24