২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা না নেওয়ায় ২ পুলিশকে তলব

যৌতুকের জন্য সোমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগের মামলা না নেওয়ায় কুমিল্লার একটি থানার ওসি ও এক কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য সোমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগের মামলা না নেওয়ায় কুমিল্লার একটি থানার ওসি ও এক কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে মেঘনা থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) তলব করার পাশাপাশি ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছয় সালিশকারীকেও তলব করেছে। আগামী ২৩ ফেব্র“য়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তাদের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। ছয় সালিশকারী হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উলুকান্দি গ্রামের মাতব্বর আবদুর রউফ, বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেব, ইউপি সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান ও আবু সিদ্দিক। আদালত একইসঙ্গে এই বিষয়ে একটি রুলও জারি করেছে। দৈনিক প্রথম আলোতে বুধবার ‘হত্যাকাণ্ডের শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা!’ শীরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। প্রতিবেদনে বলা হয়, যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুর ও তার পরিবারের সদস্যদের নির্যাতনে গত ৫ ফেব্র“য়ারি মারা যান সোমা আক্তার (২০) নামের এক গৃহবধূ। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় মামলা নেয়নি পুলিশ। সোমা নিহত হওয়ার আট দিন পর মঙ্গলবার উলুকান্দি গ্রামে সালিশ হয়। সালিশকারীরা হত্যাকাণ্ডের জন্য পাঁচ লাখ টাকা জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১৫ ঘ.