২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: পুলিশের ১০০ ঘণ্টা

সাংবাদিক দম্পতি হত্যা রহস্যের পাঁচদিনেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পাঁচদিনের মাথায়ও ঘটনার কারণ প্রকাশ করতে পারেনি পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা একশ ঘন্টায় গড়ালেও আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তারের কথাও জানাতে পারেনি পুলিশ। এদিকে হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নিহত সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির স্বজন ও সহকর্মীরা পুলিশকে দায়ী করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। সাগরের চাচাত ভাই বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্বাস করতে চাই সরকার এই ঘটনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু ঘটনার পাঁচদিন পরও খুনীদের বিষয়ে কোনো তথ্য দিতে না পারা কিংবা গ্রেপ্তার না করায় তাদের ভূমিকা বিরাট এক প্রশ্নের সম্মুখীন করেছে।” তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তারা আমাদের ধৈর্য ধরতে বলেছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। “কিন্তু এরপরও পাঁচদিনে খুনীদের বিষয়ে উল্লেখযোগ্য কোন তথ্য জানতে না পারা আমাদের জন্য কষ্টের।” সোমবার পুলিশ প্রধানের দাবি করা ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’রও হদিস মেলেনি বুধবার রাত পর্যন্ত। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শতভাগ নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। শতভাগ নিশ্চিত না হয়ে মোটিভ ‘ডিসক্লোজ’ করা হবে না বলেও জানান তিনি। এসময় তিনি প্রথমবারের মতো ডাকাতি বা চুরির বিষয়টিকে তদন্তে আনার কথা বলেন। ছয়টি বিষয় সামনে রেখে জোরেশোরে তদন্ত চলছে জানিয়ে মনিরুল বলেন, “রহস্য উন্মোচনে পুরো শক্তি নিয়োগ করেছি এবং আমাদের একাধিক টিম এ মামলা তদন্তে কাজ করছে।” এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ইমাম হাসান বলেন, “তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে।” তিনি পেশাগত, সম্পত্তি ও ব্যক্তিগত শত্র“তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন। হত্যাকাণ্ডের পাঁচদিনেও খুনীদের সম্পর্কে তথ্য না দিতে পারা পুলিশের ‘ব্যর্থতা’ মন্তব্য করে এটিএন বাংলার বার্তা প্রধান ও রুনির সহকর্মী জ. ই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনীদের গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমরা আশান্বিত ছিলাম। কিন্তু আমরা তাদের সেই আশ্বাসের কোনো প্রতিফলন দেখছি না। এটা পুলিশেরই ব্যর্থতা।” দুই/একদিনের মধ্যে হত্যাকাণ্ডের বিষয়ে ইতিবাচক তথ্য জানানোর দাবি জানিয়ে মামুন বলেন, “আমরা মুখের কথা শুনতে চাইনা। আমরা প্রমাণ চাই। পুলিশ বা গোয়েন্দা সংস্থা আন্তরিকভাবে যে কাজ করছে তার উদাহরণ চাই।” পাঁচদিন পার হবার পরও ঘটনার উদ্দেশ্য এবং তাদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি রাষ্ট্রীয় পর্যায়ে সব্বোর্চ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী নিজে নিহত দম্পতির সন্তানের দায়িত্ব নিয়ে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। “কিন্তু পাঁচদিন পরও পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আজ (বুধবার) পর্যন্ত ইতিবাচক কোনো খবর জানাতে পারলো না।” হত্যাকাণ্ডের রহস্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন খবর প্রকাশের সমালোচনা করে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি নাদিরা কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ একেক দিন একেক তথ্য পরিবেশন করে পরিস্থিতি ঘোলাটে করে ফেলছে।” শনিবার ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/২০৫০ ঘ.