নওগাঁ, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আধিপত্য বিস্তার নিয়ে নওগাঁ শহরে ইজিবাইক ও বেবিট্যাক্সি চালকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
তাজের মোড়ে বেবিট্যাক্সি স্ট্যান্ড এলাকায় বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
এ সময় বিক্ষুব্ধ ইজিবাইক চালকরা শতাধিক বেবিট্যাক্সি ভাঙচুর করেছে। এর প্রতিবাদে বেবিট্যাক্সি চালকরা সড়ক অবরোধ এবং ইজিবাইক চালকদের কার্যালয় ভাঙচুর করে।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বেবিট্যাক্সি চালকরা ২জন ইজিবাইক চালককে মারধর করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ইজিবাইক চালকরা বেবিট্যাক্সি স্ট্যান্ডে হামলা চালায়।
এরপর বেবি চালকরা সব বেবিট্যাক্সি প্রধান রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই হাবিবুর।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24