ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির সামনে থেকে রাস্তা পর্যন্ত জমি অধিগ্রহণ করতে সরকারের কোনো বাধা নেই।
একটি রিট খারিজ করে দিয়ে বুধবার হাই কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
কুঠিবাড়ির সৌন্দর্য যেন কোনোভাবে নষ্ট না হয় সেই নির্দেশও দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন জানান, কুঠিবাড়ির সামনের ৬ একর জমি অধিগ্রহণে দেওয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে আলো কমপ্লেক্স নামে একটি পার্কের মালিক মো. আলাউদ্দিন এই রিট দায়ের করেছিলেন। রিট দায়েরের পর আদালত অধিগ্রহণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দেয়।
পাশাপাশি একটি রুলে জমি অধিগ্রহণে দেওয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। এর চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল ডিসচার্জ করে রিট খারিজ করে দেয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আব্দুল বাসেত মজুমদার ও সাইদ আহমেদ রাজা এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
এবিএম আলতাফ বলেন, অধিগ্রহণের নোটিস দেওয়া ৬ একর জমির মধ্যে সাড়ে ৪ একরের মালিক আলো কমপ্লেক্স। রিটে তারা মূল নোটিসকেই চ্যালেঞ্জ করেছিল। আদালত ওই রিট খারিজ করে কুঠিবাড়ির সামনে রাস্তা পর্যন্ত সব জমি আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণের নির্দেশ দিয়েছে।
“আলো কমপেক্স এমনভাবে তৈরি করা হয়েছে যে তাতে কুঠিবাড়ির সৌন্দর্য অনেকটা ঢেকে গিয়েছিল,” যোগ করেন আলতাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৯১১ ঘ.
bdnews24