২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান ধরে উঠবস, শিশু ছাত্রী সংজ্ঞাহীন

হাতের লেখা জমা না দেওয়ায় কান ধরে উঠবস করতে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেছে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নীলফামারী, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতের লেখা জমা না দেওয়ায় কান ধরে উঠবস করতে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেছে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী। নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আফিতা তানজি একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সাহা সোমবার তানজিকে এ শাস্তি দেন। তানজি মাহিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারিক আহসান স্বপনের মেয়ে। বাংলাদেশে শিক্ষীর্থীদের শারীরিক শাস্তিসহ কয়েক ধরনের শাস্তি নিষিদ্ধ করে সরকার আইন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরজুমান্দ বানু বলেন, হাতের লেখা জমা না দেওয়ায় তানজিকে কনিকা সাহা একশ’বার কান ধরে উঠবস করার নির্দেশ দেন। ৩৭ বার উঠবস করার পর সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এ সময় সহপাঠীরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। ডোমার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান চয়ন বলেন, কনিকা সাহা এর আগেও এ ধরনের কাজ করেছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউছুফ রেজা বলেন, শিক্ষার্থীকে মানসিক কিংবা শারিরীক শাস্তি দেওয়া সম্পূর্ণ বেআইনি। ওই শিক্ষক এ কাজটি করলে চরম ভুল করেছেন। তবে কনিকা সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি কিছু বলেননি। শাস্তিদানকারী শিক্ষিকা কনিকা সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুল করে ফেলেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৩২ ঘ.