মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেআইনিভাবে ইটভাটা নির্মাণ করে পরিবেশ দূষণের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও লৌহজং উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া ইটভাটাগুলোকে ১১ লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ আদেশ দেন বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজদিখানে আলুক্ষেত নষ্ট এবং পরিবেশ দূষণের দায়ে মেসার্স সামাদ ব্রিকস’র কার্যক্রম বন্ধ করে এর মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ভাটা থেকে প্রায় ২ লাখ ইট ও ৪০ হাজার ঘনফুট মাটিও জব্দ করা হয়।
লৌহজং এ সরকারি অধিগ্রহণ করা জমিতে ইটভাটা পরিচালনা করায় ‘মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ড’ ও ‘মেসার্স বেপারী ব্রিক ফিল্ডকে’ ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করে আগামী ১৫ দিনের মধ্যে ইটভাটা দুটি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এ তিনটি ইটভাটা সনাতন পদ্ধতির তৈরি হওয়ায় গ্রামীণ জনপদের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের ক্ষতি করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২১ ঘ.
bdnews24