২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির পরিবারকে ‘ধৈর্য’ ধরার অনুরোধ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের গ্রেপ্তারের বিষয়ে তাদের পরিবারকে আরো ‘ধৈর্য’ ধরার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের গ্রেপ্তারের বিষয়ে তাদের পরিবারকে আরো ‘ধৈর্য’ ধরার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নিহত রুনির ভাই ও এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার বাদী নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মাহবুবর রহমানের সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে। উপকমিশনার আশা দিয়েছেন, শিগগিরই এ হত্যা রহস্য উন্মোচন হবে। “উনি বলেছেন, একটু ধৈর্য ধরুন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনেক কিছুই সম্ভব নয়। শিগগিরই সব উন্মোচিত হবে,” বলেন রোমান। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত শুক্রবার রাতে নিজেদের বাসায় নিহত হওয়ার পর গত তিন দিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ শনিবার সকালে পশ্চিম রাজাবাজারের বাসা থেকে তাদের লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। রোমান বলেন, “ঘটনার পর থেকেই সাগর ভাইয়ের ল্যাপটপ, নোকিয়া ফোন সেট ও একটি নোটবুক খোয়া গেছে। পুলিশ কর্মকর্তা বলেছেন, আরো কিছু খোয়া গেছে কি না তা খুঁজে বের করে তাদের জানাতে।” “আমরা কোনো আপডেট পাচ্ছি না। একদম অন্ধকারে আছি”, যোগ করেন তিনি। নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত ‘খবর’ নিয়েও রোমান ক্ষোভ প্রকাশ করেন। এসব খবরকে ‘অতিরঞ্জিত’ উল্লেখ করে তিনি বলেন, এতে তদন্তে নেতিবাচক প্রভাব পড়বে কি না তা ভেবে দেখা প্রয়োজন। এই ঘটনা নিয়ে ‘মুখরোচক’ খবর পরিবেশন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। “নিশ্চিত না হয়ে আপনারা এমন কিছু লিখবেন না, যাতে আমরা মানসিকভাবে আরো ভেঙে পড়ি।” সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও ওই সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। তবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ‘তদন্তের স্বার্থে’ গ্রেপ্তার বা অপরাধী সনাক্তের বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১৫৫০ ঘ.