২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি বুঝিয়ে না দেওয়ায় যোগাযোগ সচিবকে তলব

সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার আদেশ যথাযথভাবে বাস্তবায়ন না করায় যোগাযোগ সচিবসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার আদেশ যথাযথভাবে বাস্তবায়ন না করায় যোগাযোগ সচিবসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর এক আবেদনের শুনানির পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। যোগাযোগ সচিব এমএএন সিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমানুর রহমান লস্কর ও সুপারিনটেনডেন্ট প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. ফরিদুল আলমকে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করায় কেন বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হাজির হওয়ার দিন এ বিষয়েও জবাবও দিতে হবে বিবাদীদের। অ্যাডভোকেট আসাদুজ্জামান সকালে হাইকোর্টে আদালত অবমাননার এই আবেদন করার পর তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি আদালতে বলেন, হাইকোর্টের রায় হওয়ার ১১ মাস পরেও সুপ্রিম কোর্টকে ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি। যা আদালত অবমাননার শামিল। “সুপ্রিম কোর্টে মামলা জট বিদ্যমান। প্রয়োজনীয় জায়গার অভাবে বিচারকও নিয়োগ দেওয়া যাচ্ছে না। স্থান সঙ্কুলানের অভাবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন”, বলেন তিনি। গত বছরের ১০ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে ৯০ দিনের মধ্যে তা বুঝিয়ে দিতে নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে উভয় প্রতিষ্ঠান আপিলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ২৮ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ দুটো আবেদনই খারিজ করে দেয়। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ২৪ অক্টোবর সড়ক ও জনপথ অধিদপ্তর এবং শিশু একডেমীকে নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি বুঝিয়ে দিতে বলেন। এরপর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ফরিদুল আলম সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দেওয়া এক চিঠিতে জানান, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে চান। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে সড়ক ভবনের পুরো জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আংশিক জমি দেওয়ার এই উদ্যোগকে আদালত অবমাননা বলে অভিহিত করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের নির্দেশনা পুরো বাস্তবায়ন তো তারা করেই নাই। উপরন্তু দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে আমাকে চিঠি দিয়েছে। ওই জমিতে কেয়ারটেকার বিল্ডিং, আনসার বিল্ডিং, পাম্প হাউজ, ২টি স্টোর রুম ছিল। আজ তারা এই সব ভবনের দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১০ ঘ.