২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা‘কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা পায়নি পুলিশ’

কাউকে এ ব্যাপারে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদও করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের উপ কমিশনার ইমাম হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতার তথ্য পুলিশ এখনো পায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ইমাম হাসান। কাউকে এ ব্যাপারে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদও করা হয়নি বলে জানিয়েছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত শুক্রবার রাতে নিজেদের বাসায় নিহত হওয়ার পর গত তিন দিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু পুলিশ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়- গোয়েন্দারা খুনিদের চিহ্নিত করেছে এবং এদের মধ্যে একাধিক সাংবাদিকও রয়েছে। কিন্তু এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে না পারায় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে সাংবাদিকরা মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগে তেজগাঁও থানার ডিসি ইমাম হাসানকে বিষয়টি স্পষ্ট করার অনুরোধ জানান। তিনি সাংবাদিকদের বলেন, “এ হত্যাকাণ্ডে পুলিশ কোনো মিডিয়া কর্মীকে আটক বা গ্রেপ্তার করেনি। এমনকি তাদের জিজ্ঞাসাবাদও করা হয়নি।” “হত্যাকাণ্ডে মিডিয়া কর্মীদের সংশ্লিষ্টতা আছে কিনা- তারও ধারণা পাওয়া যায়নি’, যোগ করেন তিনি। শনিবার সকালে পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সাগর-রুনির লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ওই সময় পেরিয়ে যাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এক সংবাদ সম্মেলনে জানান, তারা তদন্ত শেষ করতে না পারলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইমাম হাসান জানান, দুটি বিষয় ভাগ করে হত্যাকাণ্ডের তথ্য উদঘাটনে অগ্রসর হচ্ছেন তারা। “প্রথমত-নিহতদের নিজ বিটের খবর সংগ্রহ করা হচ্ছে। তাদের প্রকাশ করা সংবাদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, অথবা সাগর সরওয়ারের লেখা বইয়ের কারণে কেউ ক্ষতিগ্রস্ত কি না।” পাবর্ত্য শান্তিচুক্তি এবং পাহাড়ি জনগোষ্ঠির আন্দোলন নিয়ে সাগরের লেখা ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ বইয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং তার বাবা মানবেন্দ্র নারায়ণ লারমা গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হিসেবে এসেছেন। গত বছর প্রকাশিত এ বইটি এবারের বইমেলাতেও আছে। “দ্বিতীয়ত- দুইজনের (সাগর-রুনি) ব্যাংক হিসাব যাচাই-বাছাই করা হচ্ছে”, বলেন ইমাম হাসান। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাগরের কর্মস্থল মাছরাঙা অফিসে গিয়ে তার ব্যবহৃত কম্পিউটার পর্যবেক্ষণ করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আজ আমরা রুনির কর্মস্থল এটিএন বাংলায় যাব। তার ব্যবহৃত কম্পিউটার পরীক্ষা করবো।” এক প্রশ্নের জবাবে ইমাম হাসান বলেন, “কোনো ধরনের ফাঁকফোকর যাতে না থাকে, সেজন্য জ্বালানি বিটের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।” জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি জ্বালানি খাত নিয়ে কাজ করতেন। সাগর সরওয়ারও এক সময় জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের ঘটনাপ্রবাহ নিয়ে কাজ করেছেন। এই হত্যাকাণ্ড নিয়ে অনেকে ‘ঘোলা পানিতে’ মাছ শিকারের চেষ্টা করতে পারে উল্লেখ করে উপ কমিশনার বলেন, “এ সুযোগ কাউকে দেওয়া হবে না।” অবশ্য এই সময়ের মধ্যে খুনীরা দেশত্যাগের চেষ্টা করতে পারে বলেও উল্লেখ করেন ইমাম হাসান। কিছু কিছু মহল ‘বিদেশ থেকে’ ফোন করে ঘটনাটি ‘ডাইভার্ট’ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, “কেউ কেউ আবার তথ্যও দিচ্ছে। সেগুলো যাচাই বাছাই করছি।” “তবে আমরা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি”, যোগ করেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এলএইচ/আরএ/১৭১৫ ঘ.