২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী নীতিতে কুরআনবিরোধী কিছু থাকলে অকার্যকর হবে’

জাতীয় নারী উন্নয়ন নীতিতে একটি সংশোধন আনা হয়েছে। এর ফলে এতে কুরআন ও সুন্নাহবিরোধী কিছু থাকলে তা অকার্যকর হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী উন্নয়ন নীতিতে একটি সংশোধন আনা হয়েছে। এর ফলে এতে কুরআন ও সুন্নাহবিরোধী কিছু থাকলে তা অকার্যকর হয়ে যাবে। সোমবার এক দল মুসলিম ধর্মীয় নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। গণভবনে এই বৈঠকে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালসহ কয়েকজন ওলামা-মাশায়েখ অংশ নেন। শেখ হাসিনা বলেন, “সকলের মতামত নিয়েই নারী উন্নয়ন নীতিতে একটি সংশোধনী আনা হয়েছে, যাতে করে কোনো মহল এই নীতির কোনো বিষয় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।” আওয়ামী লীগ দেশের সব নাগরিকের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালনের সমঅধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার ইসলামের উন্নয়নে এত বেশি পদক্ষেপ নেয়নি। বঙ্গবন্ধুর সময়ে ইসলামিক ফাউন্ডেশন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠনের কথাও তুলে ধরেন তিনি। “আওয়ামী লীগ সরকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কাকরাইল মসজিদ এবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জমি বরাদ্দ দিয়েছে,” বলেন হাসিনা। একটি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। কওমি মাদ্রাসার জন্য একটি নতুন পাঠ্যক্রম তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করতেও ওলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০১৫ ঘ.