২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার অর্থ ফেরত আনা সহজ হচ্ছে

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি আরো সহজ করতে মুদ্রা পাচার প্রতিরোধ আইনটি নতুনভাবে করার প্রক্রিয়ায় সংসদে বিল উত্থাপন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার সহজ করতে করতে মুদ্রা পাচার আইনটি নতুনভাবে করার প্রক্রিয়ায় সংসদে একটি বিল উত্থাপন হয়েছে। নুতন আইন পাস হলে বাংলাদেশ বিশ্বের সব অর্থনৈতিক গোয়েন্দা ইউনিটগুলোর সংগঠন ‘এগমন্ট গ্র“প’র সদস্য হতে পারবে। নতুন আইনে মুদ্রাপাচারের ক্ষেত্র যেমন বাড়ছে, তেমনি বাড়ছে শাস্তির মাত্রাও। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সংসদে ‘মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২’ উত্থাপন করেন। তিন দিনের মধ্যে তা যাচাই-বাছাই শেষ করতে তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এটি ইতোমধ্যে অধ্যাদেশ আকারে জারি হয়েছে। এখন সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত হলো। অর্থমন্ত্রী বলেন, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ফাইন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) প্রণীত আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে বাংলাদেশ অঙ্গীকার করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই প্রতিশ্র“তি বাস্তবায়নের প্রয়োজনে এই বছরের ১৬ জানুয়ারি মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ জারি করা হয়, তখন সংসদ চলছিল না। বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে বিশ্বের সব ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটগুলোর সংগঠন এগমন্ট গ্র“পের সদস্য পদ প্রাপ্তির পূর্বশর্ত পরিপালন হবে বলে বাংলাদেশ ওই সংগঠনে সদস্যপদ পেতে পারবে। ওই সংগঠনের সদস্য পদ পেলে বিদেশে পাচার করা অর্থ সংক্রান্ত তথ্য আদান-প্রদান অনেক সহজ হবে। প্রস্তাবিত আইনে মুদ্রা পাচারের ক্ষেত্র বাড়িয়ে চোরাচালান ও শুল্ক সংক্রান্ত অপরাধ, কর সংক্রান্ত অপরাধ, মেধাস্বত্ব লঙ্ঘন, সন্ত্রাসী ও সন্ত্রাসী কাজে অর্থ যোগান, ভেজাল বা স্বত্ব লঙ্ঘন করে পণ্য উৎপাদন, পরিবেশগত অপরাধ, যৌন নিপীড়ন, পুঁজিবাজার কারসাজি, সংঘবদ্ধ অপরাধ ও ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় অন্তর্ভুক্ত হয়েছে। এই আইনের যে কোনো অপরাধ বিচারের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের অনুমোদনকে শর্ত হিসেবে রাখা হচ্ছে। প্রস্তাবিত আইনে মুদ্রা পাচারের দণ্ড অন্যূন চার বছর করা হয়েছে, এখন যা ছয় মাস। অন্যদিকে সর্বোচ্চ সাজা সাত বছরের বদলে ১২ বছর করার প্রস্তাব করা হয়েছে। এতে কারাদণ্ডের পাশাপাশি প্রস্তাবিত আইনে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১০০ ঘ.