২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘের পাশে প্রধানমন্ত্রী

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহিন সরওয়ার মেঘকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাগর ও রুনির পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল বলেন, “সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন বেঁচে আছি, ততদিন মেঘের ভরণপোষণ ও শিক্ষা নিয়ে সমস্যা হবে না। আমি স্বজন হারানোর ব্যথা বুঝি।” খুনের ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মেঘসহ সাগর সরওয়ারের মা সালেহা মুনীর, বোন জামাই আবুল হাসান চৌধুরী, মেহেরুন রুনির ভাই নওশাদ আলম রাজন ও নওশের আলম রিপন, বোন রোকসানা জাভেদ বেলিম এবং বোন জামাই জাভেদ ওমর বেলিম উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী মেঘকে কোলে নিয়ে আদর করেন। শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তাদের একমাত্র ছেলে পাঁচ বছর বয়সি মেঘ তার নানীকে প্রথম এই হত্যাকাণ্ডের খবর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/২০১৪ ঘ.