২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারক মেজর

প্রতারণার অভিযোগে এক মেজরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে এক মেজরসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটক মেজরকে সেনাবাহিনীতে হস্তান্তর করা হয়েছে। তার সঙ্গী দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটক মেজরের নাম রেজাউল করিম ওরফে রেজা। অন্য দুই যুবক হলেন- সোহাগ (৩০) ও মো. হীরা শেখ (৩০)। ভুয়া পরিচয় দিয়ে পুরানা পল্টনের ‘ফাল্গুনী ফুড এন্ড বেভারেজ’র মালিক আবদুল্লাহ মাসুদের কাছে অর্থ দাবি করায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর রেজা শনিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব পরিচয় দিয়ে আবদুল্লাহ মাসুদের অফিসে গিয়ে তার কোম্পানির শেয়ার ছাড়লে ২০ লাখ টাকার শেয়ার কেনার প্রস্তাব দেন। এর পর রোববার রাত ৮টার দিকে খিলগাঁও বনশ্রী প্রজেক্টের শ্যাডো চাইনিজ রেস্টুরেন্টে আবদুল্লাহ মাসুদকে ফোনে ডেকে নেন মেজর রেজা। “সেখানে যাওয়ার পর মেজর রেজা রেস্তোরাঁর এক কোনে মাসুদকে ডেকে নিয়ে বলেন, ‘তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, লোকজন তোর কাছে ৭০ লাখ টাকা পাবে।’ এই বলে মেজর রেজা নিজে মাসুদের কাছে ৭০ লাখ টাকা দাবি করেন, ” বলা হয় বিজ্ঞপ্তিতে। মাসুদ টাকা দিতে অস্বীকার করায় তাকে অপহরণের উদ্দেশ্যে নিচে নামিয়ে একটি সাদা প্রাইভেটকারে তোলা হয়, যাতে ছিল সোহাগ ও হীরা। পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের গোল চত্বরে টহল পুলিশ গাড়ি আটকে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর মেজর রেজা খিলগাঁও থানায় গিয়ে হম্বিতম্বি করলে তাকেও আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর রেজা র‌্যাবে নিয়োজিত ছিলেন না। আর গ্রেপ্তার হওয়ার দুই যুবক তার সহযোগী ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩১২ ঘ.