সাভার, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় ‘ভুয়া গোয়েন্দা পুলিশ’ গ্রেপ্তারের পর তাদের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
সোমবার দুপুরে জিরাব এলাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রনি মিয়া (৩০), ইব্রাহিম খলিল (৪০), মোহাম্মদ আলী (৩২), আনোয়ার হোসেন (২৩), আকাশ (২৫), নজরুল ইসলাম (৩৪) ও আল আমিন (৩৩)।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি একটি চক্র গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাভার ও আশুলিয়া এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।
সোমবার দুপুর দেড়টার দিকে জিরানী এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ সাত জনকে গ্রেপ্তার করে। অপর একটি সাদা গাড়িতে আরো কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। গুলিতে প্রাইভেটকারের পেছনের কাচ ভেঙে গেছে। পলাতকদের কাছে ওয়াকিটকি রয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই সেট হাতকড়া, কয়েকটি পুলিশের লাঠি, দুটি খেলনা পিস্তল, বিভিন্ন মামলার জাল কাগজপত্র ও কয়েকটি ভুয়া পরিচয়পত্রের মোড়ক উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ব্যাংক থেকে কেউ টাকা তুললে ডিবি পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে গড়িতে তুলে টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়া চুক্তি করে বিভিন্ন জনের জমি দখল, গাড়ি ছিনতাইয়ের মতো কাজও করতো বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24