২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

যে সংবাদ সম্মেলনে সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে আইজিপিকে, সেই সংবাদ সম্মেলনেই একথা বললেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ করে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর বিরোধী দলের ব্যাপক সমালোচনার মধ্যে সোমবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। দাবির ভিত্তি হিসেবে পুলিশের ত্রৈমাসিক অপরাধ বিষয়ক তথ্য তুলে ধরেন আইজিপি। তবে গত বছরের শেষ তিন মাসের পরিসংখ্যান তুলে ধরে তার সঙ্গে আগের অবস্থার তুলনা করেন তিনি। সারাদেশ থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুদিনের বৈঠকের পর এই সংবাদ সম্মেলন হয়। এতে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে আইজিপিকে। তিনি জানিয়েছেন, শেষ না হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পুলিশপ্রধান জানান, ২০১১ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে সম্পত্তি বিষয়ক অপরাধ, ডাকাতি, ছিনতাই ও রাহাজানি আগের মাসগুলোর চেয়ে বাড়েনি। এছাড়া খুন-গুম ও ডাকাতির ঘটনাও আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর, ২০১১) তুলনায় নিয়ন্ত্রণে ছিল, বলেন তিনি। আইজিপি বলেন, “তবে রাতারাতি কোনো পরিবর্তন হয়েছে, তা বলব না।” ওই তিন মাসে ঢাকায় সম্পত্তি বিষয়ক অপরাধ সংক্রান্ত ঘটনার বেশিরভাগ মামলায় অপরাধীদের ধরা হয়েছে বলে তিনি জানান। পুলিশের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের অক্টোবর মাসে সারা দেশে বিভিন্ন সহিংসতায় খুন হয়েছে ৩৫৬ জন, নভেম্বরে ৪৪৬ জন ও ডিসেম্বরে ৩২৭ জন। একই বছরের অক্টোবর মাসে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ সংঘটিত হয়েছে ৬৬৯টি, নভেম্বরে ৬২১টি ও ডিসেম্বরে ৬৩৮টি। এর মধ্যে অক্টেবরে ছিনতাই এর ঘটনা ৮৫টি, নভেম্বরে ৬৭টি ও ডিসেম্বরে ৭১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৯২২ ঘ.