ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “যে কোন হত্যাকাণ্ডই বেদনাদায়ক। সাগর ও রুনি হত্যাকাণ্ড আরো বেশি বেদনাদায়ক। কারণ তারা ছিলেন সাংবাদিক, আর সাংবাদিকরা দেশের সাধারণ মানুষের কথা বলে থাকেন।”
সাংবাদিক দম্পতির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
উপ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, “সাগর-রুনির হত্যাকাণ্ড সারা দেশের মানুষকে মর্মাহত করেছে, বিস্মৃত করেছে। এই হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। যারা এটি ঘটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সারা দেশেই সাংবাদিক নির্যাতিত ও খুন হচ্ছে উল্লেখ করে কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, “সাগর ও রুনি হত্যার পর স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার কথা বললেও এখনো তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।”
সাংবাদিক সমিতির সভাপতি হাসান নিটলের সভাপতিত্বে মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফসীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলামসহ সাংবাদিক সমিতির সদস্যসহ সাধারণ শিক্ষাথীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৯ ঘ.
bdnews24