গাজীপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার তিনদিন পরও মামলা না নেওয়ায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার না করায় গাজীপুরে একটি মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
রোববার শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ ঘটনায় বিক্ষুব্ধরা অভিযুক্তের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগও করে।
এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ জন আহত হয়েছে। মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পরে মাওনা হাইওয়ে থানা পুলিশসহ অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার শ্রীপুরের মাওনা এলাকায় নোমান উইভিং মিলসের এক শ্রমিকের মেয়েকে (৭) ধর্ষণ চেষ্টা করে ওই এলাকার বখাটে শরীফ (২০)।
শ্রমিকদের হামলা ভাংচুরের সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণ চেষ্টার তদন্ত শেষে রোববার মামলা নেওয়া হয়েছে।”
নোমান উইভিং মিলের ডিজিএম সহোরাব হোসেন সাংবাদিকদের বলেন, স্থানীয় শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে ওই হামলা চালিয়েছে।
মেয়েটির বাবা নোমান উইভিং মিলসের ওই শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার শরীফ বৃহস্পতিবার দুপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
তার চিৎকারে লোকজন এগিয়ে এলে শরীফ পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ওইদিনই শ্রীপুর থানায় অভিযোগ করলেও শরীফ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২০০ ঘ.
bdnews24