২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে দু’দল বনদস্যুর বন্দুকযুদ্ধের খবর

আধিপত্য বিস্তার নিয়ে সুন্দরবনের গহীনে শনিবার দু’দল বনদস্যুর বন্দুকযুদ্ধ এবং এতে তিনজন নিহত হওয়ার দাবি করেছেন আহত এক ‘বনদস্যু’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

বাগেরহাট, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে সুন্দরবনের গহীনে শনিবার দু’দল বনদস্যুর বন্দুকযুদ্ধ এবং এতে তিনজন নিহত হওয়ার দাবি করেছেন আহত এক ‘বনদস্যু’। গুলিবিদ্ধ ওই ‘বনদস্যু’র দেওয়া তথ্যমতে পুলিশ ও বন কর্মকর্তারা এ কথা শুনেছেন বলে জানালেও পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। রোববার বিকালে বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন একটি গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুল সরদার (৩৫) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এনামুল সর্দার নিজেকে মুকুল বাহিনীর সদস্য বলে দাবি করেছেন। তাকে মংলা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মংলা থানার ওসি নিখিল চন্দ্র মন্ডল রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের খালে একটি ট্রলার থেকে বনদস্যু এনামুল সরদারকে পুলিশ আটক করে। তার ডান বাহুতে গুলির রক্তাক্ত জখম রয়েছে। আটক এনামুল নিজেকে বনদস্যু মুকুল বাহিনীর সদস্য দাবি করেছেন। পুলিশ কর্মকর্তা বলেন, এনামুল পুলিশকে জানিয়েছেন-শনিবার দুপুর ২টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকায় বনদস্যু মুকুল ও অভিজিৎ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ হয়। এ সময় মুকুল বাহিনী প্রধান মংলার হলদিবুনিয়া গ্রামের মুকুল (২৮), তার দুই সহযোগী একই গ্রামের খোকন ওরফে কয়লা খোকন (৩০) এবং গাববুনিয়া গ্রামের কাদির সর্দার (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই ঘটনায় তিনি নিজেও গুলিবিদ্ধ হন। নিহতদের লাশ ওই এলাকাতেই রয়েছে বলে তিনি দাবি করছেন, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। ওসি নিখিল মণ্ডল আরো বলেন, কথিত নিহত এই তিনজন মংলা থানার তালিকাভুক্ত বনদস্যু এবং তাদের বিরুদ্ধে মংলা থানায় একাধিক মামলা রয়েছে। খুলনার দাকোপ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, মংলা থানার ওসির মাধ্যমে তিনি রোববার সন্ধ্যায় এই বন্দুকযুদ্ধ ও তিন বনদস্যু নিহত হওার কথা শুনেছেন। তিনি বলেন, ঘটনাস্থল দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের অন্তর্গত। এলাকাটি সুন্দরবনের গহীনে এবং দুর্গম হওয়ায় রাতে সেখানে যাওয়া সম্ভব নয়। সোমবার পুলিশ লাশের সন্ধানে সেখানে যেতে পারে বলে তিনি জানান। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, জোংড়া ক্যাম্প এলাকায় দু’দল বনদস্যুর মধ্যে গোলাগুলি এবং বনদস্যু মুকুলসহ তিন জন নিহত হওয়ার সংবাদ তিনি শুনেছেন। তবে এ বিষয়ে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.